মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সোনারগাঁয়ে বসতঘরে আগুন, মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আশরাফ উদ্দিন
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তান। তবে অভিযোগ উঠেছে, ঘটনার পর মামলা হলেও মূল অভিযুক্তরা জামিনে বেরিয়ে এসে ভুক্তভোগী পরিবারটিকে উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে।
গত ২৪শে আগস্ট বিকেলে কাবিলগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে ড্রেজার দিয়ে বালু ভরাটকে কেন্দ্র করে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের সাথে তার ছোট ভাই শাহাবুদ্দিনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার দিন ড্রেজারের সরঞ্জাম ভাঙচুর করা হলে ভুক্তভোগী কাউসার সেই দৃশ্যের ভিডিও ধারণ করেন। এই ভিডিও ধারণকে কেন্দ্র করে আশরাফের ভাগিনা মেহেদী ক্ষিপ্ত হয়ে কাউসার ও তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পরদিন বিকেলে আশরাফ উদ্দিনের নির্দেশে একদল লোক রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে কাউসারের বাড়িতে হামলা চালায়। প্রথমে বাড়িঘর ভাঙচুর করার পর তারা বসতঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে কাউসারের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ওরা আমাদের জমি কেড়ে নিতে চায়। আমার স্বামীকে মেরে ফেলার আর বাচ্চাদের এতিম করার হুমকি দিচ্ছিল। সেদিন ওরা আমাদের ঘরে আটকে রেখে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমি দুই বাচ্চাকে নিয়ে অনেক কষ্টে আগুনের ভেতর থেকে বের হতে পেরেছি।
অগ্নিকাণ্ডে ঘরবাড়িসহ নগদ টাকা ও কয়েক লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছে পরিবারটি। প্রত্যক্ষদর্শী এক শিশু জানায়, আমাদের আটকায় রাখছিল। আমরা অনেক কষ্ট করে আগুনের থেকে বাঁচছি।
এই ঘটনায় আশরাফ উদ্দিন ও তার ভাগিনা মেহেদীসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হলেও ভুক্তভোগীদের অভিযোগ—আসামিরা জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। বিচার না পেয়ে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশরাফ উদ্দিন অগ্নিকাণ্ডের দায় অস্বীকার করে বলেন, বিষয়টি বসে মীমাংসা করা যেতে পারে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে এলাকায় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
সম্পাদক: আবদুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন