ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

স্বাস্থ্য ও চিকিৎসা

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।  পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসার মান, ওষুধ সরবরাহ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।এ সময় মহাপরিচালক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। তাঁরা সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন কি না, চিকিৎসাসেবা গ্রহণে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। রোগীদের কাছ থেকে চিকিৎসাসেবার মান ও বিভিন্ন সীমাবদ্ধতার কথাও শোনেন তিনি।পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক। হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, রোগীদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।এ ছাড়া হাসপাতালের ওয়ার্ড ও অভ্যন্তরীণ পরিবেশের পরিচ্ছন্নতা, সিটিজেন চার্টারের যথাযথ প্রদর্শন ও বাস্তবায়ন এবং রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, সিটিজেন চার্টারে উল্লেখিত সেবাসমূহ নিশ্চিত করা এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।এ সময় হাসপাতালের কর্মরত চিকিৎসক, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাজমুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল হাসপাতালের বিদ্যমান স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনার বাস্তব চিত্র পর্যবেক্ষণ এবং রোগীবান্ধব, পরিচ্ছন্ন ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো চিহ্নিত করা।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক