ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে দুই যমজ শিশুর করুণ মৃত্যু

কুমিল্লার বরুড়ায় পুকুরের পানিতে পড়ে জুনাইরা ও তাসলিমা নামের ১৮ মাস বয়সী দুই যমজ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরুড়া উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের জসিম উদ্দিনের কন্যা।​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে ও চারপাশে একসঙ্গেই খেলাধুলো করছিল শিশু জুনাইরা ও তাসলিমা। খেলার কোনো একপর্যায়ে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের জলাশয়ে তাদের ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।​পরে স্বজনেরা দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।​একই সঙ্গে দুই ফুটফুটে সন্তানের এমন করুণ মৃত্যুতে মা-বাবা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকা। এই মর্মান্তিক ঘটনায় পুরো কাছিয়াপুকুরিয়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে দুই যমজ শিশুর করুণ মৃত্যু