খুলনা মহানগরীতে সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের দুটি প্রতিষ্ঠান। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধি দল সোমবার বিকেলে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে মতবিনিময় করেন।প্রতিনিধি দল দুটি হলো নানজিং সি হোপ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং এবং সিনোটেক বিল্ডিং ম্যাটেরিয়াল কোম্পানি লিমিটেড।মতবিনিময়কালে চীনা প্রতিনিধি দলের সদস্যরা খুলনা মহানগরীর উন্নয়নে সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানান। তাদের এ আগ্রহকে স্বাগত জানিয়ে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।এ সময় উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, নানজিং সি হোপ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান ঝু ঝাওগুয়াং, সিনোটেক বিল্ডিং ম্যাটেরিয়াল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লি লিহুয়া এবং চীন সরকারের বাংলাদেশস্থ বিজনেস ম্যানেজার শেখ ইমরান সৌরভ।চীনা প্রতিষ্ঠানগুলোর এ আগ্রহ খুলনা মহানগরীর নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামোগত উন্নয়নে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি করতে পারে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা রয়েছে।