প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
মুরাদনগরে পরকীয়া প্রেমের জের: মামাকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
মোঃ জামির হোসেন সরকার ||
কুমিল্লার মুরাদনগরে একই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও বিরোধের জেরে মাসুদ মিয়া (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাগিনা মিলন মিয়া ওরফে শিপন মিয়ার (২৩) বিরুদ্ধে। শনিবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোড়েরপাড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসী।নিহত মাসুদ মিয়া কোড়েরপাড় গ্রামের মৃত হাসন আলীর ছেলে। তিনি নিজ গ্রামেই ভাঙারির ব্যবসা করতেন। অন্যদিকে অভিযুক্ত শিপন মিয়া একই উপজেলার কুরবানপুর গ্রামের আনিস মিয়ার ছেলে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে মাসুদ মিয়া তাঁর দোকানের পাশের একটি মুদি দোকানে গেলে ভাগিনা শিপন তাঁকে সেখান থেকে ডেকে নিয়ে যান। দোকান থেকে কিছু দূরে নিয়ে গিয়ে তাঁর ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করেন শিপন। এ সময় দুজনের ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান অভিযুক্ত শিপন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়।পরকীয়া নিয়ে দ্বন্দ্ব:নিহতের বড় ভাইয়ের স্ত্রী দেলোয়ারা বেগম জানান, প্রায় পাঁচ বছর আগে মাসুদ মিয়ার স্ত্রী তিন সন্তান রেখে তাঁকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি নিজের ভাঙারির দোকানেই রাত কাটাতেন। প্রায় তিন বছর আগে একই উপজেলার শ্রীকাইল ইউনিয়নের শাহেদাগোপ গ্রামের দুই সন্তানের জননী এক বিধবা নারীর সঙ্গে মোবাইল ফোনে তাঁর সম্পর্ক গড়ে ওঠে।দেলোয়ারার দাবি, বিষয়টি জানতে পেরে কৌশলে মামার কাছ থেকে ওই নারীর মোবাইল নম্বর সংগ্রহ করেন শিপন। পরে তিনিও ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে মামা-ভাগিনার মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়।পরিবারের অভিযোগ, গত ১৫ দিন আগে ওই নারীর সঙ্গে নিজের সম্পর্ক আরও গভীর করার উদ্দেশ্যে মামা মাসুদ মিয়ার বিরুদ্ধে মাদক সেবনের মিথ্যা অভিযোগ তোলেন শিপন। বিষয়টি জানতে পেরে গত ২০ অক্টোবর শিপনকে মারধর করেন মাসুদ মিয়া। এরপর থেকে শিপন বিভিন্নজনের কাছে ওই নারীকে পাওয়ার জন্য মামাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। পরিবারের ধারণা, সেই দীর্ঘদিনের ক্ষোভ ও বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।গ্রামবাসীর বিক্ষোভ ও পুলিশের বক্তব্য:হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিপনকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় গ্রামবাসী। তাঁরা অবিলম্বে খুনিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ ফাঁসির দাবি জানান।এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেমসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে হত্যা মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত