প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
মাদক রুখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি শান্ত
আব্দুল্লাহ আল মামুন ||
মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। তিনি বলেছেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সিংগাইর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সভায় এমপি মঈনুল ইসলাম খান শান্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।সভায় বক্তব্য দেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সফিউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মো. আশরাফ আলী, উপজেলা ফায়ার সার্ভিসের প্রতিনিধি মো. রতন মিয়া এবং সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস।এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত