প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
বাঙ্গরায় ইউপি সদস্য আনোয়ার হত্যা: মূল আসামি পিন্টু গ্রেপ্তার
মোঃ জামির হোসেন সরকার ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মো. পিন্টু মিয়া (৪০) হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।গ্রেপ্তারকৃত পিন্টু মিয়া মুরাদনগরের শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই গ্রামের মৃত ধবীর মুন্সীর ছেলে। তিনি এ মামলার ১৬ নম্বর এজাহারভুক্ত আসামি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা জেলা পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করে। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বাঞ্ছারামপুর এলাকায় অভিযান চালিয়ে পিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়।এদিকে, ইউপি সদস্য আনোয়ার হোসেনের হত্যার ঘটনায় তাঁর স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।মামলার এজাহারে অভিযোগ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের ওপর হামলা চালিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে হামলাকারীরা ঘটনাটিকে 'ডাকাতির চেষ্টা ও গণপিটুনি' হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করে।পুলিশ জানিয়েছে, এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে। গ্রেপ্তার পিন্টু মিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত