প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
মুরাদনগরে ৫ দিন পর বিলে মিলল নিখোঁজ বৃদ্ধার লাশ
মোঃ জামির হোসেন সরকার ||
কুমিল্লার মুরাদনগরে রেনু বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিখোঁজের পাঁচ দিন পর তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার উত্তরপাড়া এলাকার 'বইদ্দার বিল' থেকে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পরবর্তীতে পুলিশ এসে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত রেনু বেগম ধামঘর ইউনিয়নের নহল দক্ষিণপাড়া এলাকার শামসু মিয়ার স্ত্রী।পরিবার সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি একাধিকবার বাড়ি থেকে হারিয়ে গিয়ে আবার একা একাই ফিরে এসেছিলেন। গত শুক্রবার মুরাদনগর উত্তরপাড়ায় মেয়ে নাসিমা আক্তারের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখান থেকেই গত সোমবার তিনি হঠাৎ নিখোঁজ হন।অতীতে হারিয়ে গিয়েও ফিরে আসার ইতিহাস থাকায় স্বজনেরা ভেবেছিলেন তিনি এবারও নিজে থেকেই চলে আসবেন। এ কারণে নিখোঁজের বিষয়ে থানায় তাৎক্ষণিকভাবে কোনো জিডি বা অভিযোগ দায়ের করা হয়নি।শনিবার বিকেলে বইদ্দার বিলে এক বৃদ্ধার লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর পাঠান। তথ্য পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত স্থানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত