প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
মাদক ও কিশোর অপরাধকে 'লাল কার্ড': বরুড়ায় শিক্ষার্থীদের সচেতনতামূলক শপথ
মোঃ জামির হোসেন সরকার ||
কুমিল্লার বরুড়া উপজেলার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার প্রতিরোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আমিন নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. রেজাউল করিম মজুমদার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ। এছাড়া সংগঠনের প্রতিনিধি ইয়াছিন, শামীম, সিহাব, আরাফাত, তুহিন, সিয়ামসহ অনেকে উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ওসি কাজী নাজমুল হক বলেন, "মাদক ও কিশোর অপরাধ তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করছে, আর মোবাইল ফোনের অপব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত করছে। সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদক, বাল্যবিয়ে, অপরাধ ও প্রযুক্তির অপব্যবহারকে 'না' বলতে হবে।" তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।আলোচনা শেষে শিক্ষার্থীদের মাদক, অপসংস্কৃতি ও সামাজিক অপরাধ থেকে দূরে থেকে সৎ চরিত্র গঠনে শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।উল্লেখ্য, দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মাঝে সামাজিক সচেতনতা তৈরিতে গত ১৫ বছর ধরে কাজ করে যাচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন 'লাল সবুজ উন্নয়ন সংঘ'। এ পর্যন্ত সংস্থাটি প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের আওতায় এনেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত