প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
আনোয়ারায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত,অভিযুক্ত ছেলে আটক
জাহেদ হোসেন খান ||
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ দম্পতি। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বাড়ি থেকেই আটক করেছে পুলিশ।নিহতরা হলেন— স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। অভিযুক্ত রোমিও দাশ গুপ্ত (৩৫) তাদের একমাত্র ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, রোমিও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। শনিবার সকালে তিনি মা-বাবাকে নিয়ে বাইরে যান। পরে বাড়ি ফিরে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান। মাকে বাঁচাতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কল্পনা দাশকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান। গুরুতর আহত স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তিনি মারা যান।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রোমিও দাশ গুপ্তকে আটক করে। আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত