প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
দোহারে ওলামায়ে কেরামের মিলনমেলা
শহীদুল ইসলাম শরীফ ||
ঢাকার দোহার উপজেলা কওমি মাদ্রাসা বোর্ডের (ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ দোহার) উদ্যোগে এক আজিমুশশান দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার হলের বাজার মডেল মসজিদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি দ্বীনি শিক্ষার গুরুত্ব ও নৈতিক সমাজ গঠনে কওমি মাদ্রাসার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের আগামী দিনে দেশের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল্যবান দ্বীনি আলোচনা পেশ করেন মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতী রিজওয়ান রফিকী, মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতী মুহা: জাকির, মুফতী মিজানুর রহমান কাসেমী, প্রফেসর খন্দকার আবুল বাশার, হাফেজ মাওলানা আব্দুর রহিম ও মাওলানা আব্দুল মালেক।দোহার উপজেলার কওমি মাদ্রাসা বোর্ডের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা শেষে বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরিশেষে, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত