প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬
সিংগাইরে থামছে না মরদেহ উদ্ধারের ঘটনা, আবারও পেঁপে ক্ষেতে মিলল মরদেহ
আব্দুল্লাহ আল মামুন ||
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দুই দিনের ব্যবধানে আবারও একটি পেঁপে ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকার একটি পেঁপে ক্ষেত থেকে সামসুল হক (৪৭) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।নিহত সামসুল হক ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মেদুলিয়া চকের জনৈক সিদ্দিক মিয়ার পেঁপে ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সিংগাইর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।সিংগাইর থানা পুলিশ জানায়, মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বার মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, "প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত