প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত জামিল লিমনের মরদেহ
নিজস্ব প্রতিবেদক ||
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে লিমনের মরদেহ পাঠানো হয়েছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকার তৎপর রয়েছে।’ তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় কোন গাফিলতি করেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আসা। সব রকমের সহযোগিতা করা হবে। হত্যার সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে।’ গ্রামের বাড়ি জামালপুরে মাগরিবের নামাজের পর পারিবারিক কবরস্থানে এই মেধাবী শিক্ষার্থীকে দাফন করা হবে। এদিকে, ৬ মে দুপুর ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিন পিএইচডির শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত