প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
সংসদ সদস্যকে নিয়ে নবাবগঞ্জে জেলা পরিষদ প্রশাসকের পরিদর্শন
শহীদুল ইসলাম শরীফ ||
ঢাকা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ আজ ১৮ এপ্রিল, ২০২৬ (শনিবার) নবাবগঞ্জ উপজেলা সফর করেন এবং 'নিউ জেলা পরিষদ মার্কেট' পরিদর্শন করেন।প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৮ দিনের মাথায় মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি এই সফর করেন। পরিদর্শনকালে তিনি মার্কেটের চরম অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নবাবগঞ্জ জেলা পরিষদের মার্কেটের কোনো দোকানেরই বৈধ বরাদ্দপত্র বা প্রয়োজনীয় নথিপত্র নেই। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা সরকারি জায়গায় ব্যাবসা করলেও সরকারের কোষাগারে কোনো ভাড়া জমা দিচ্ছেন না। পুরো মার্কেটে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, যা একটি বড়ো ধরনের অপরাধ হিসেবে তিনি চিহ্নিত করেছেন।অনিয়ম দেখে প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ দখলদার ও ভূমিদস্যুদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছেন। তিনি জানান, অবৈধভাবে দখল করা দোকানগুলোর বিরুদ্ধে দ্রুতই সাঁড়াশি অভিযান চালানো হবে। দখলদারদের খুব শীঘ্রই উচ্ছেদ বা আইনি নোটিশ প্রদান করা হবে। সরকারি সম্পদ যারা ব্যক্তিগত স্বার্থে ভোগ করছেন, তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।তিনি স্পষ্ট করেন যে, সরকারি সম্পদ রক্ষা এবং জনসেবা নিশ্চিত করাই তার বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। কেরানীগঞ্জ, ধামরাই এবং দোহার-নবাবগঞ্জ সফরের মাধ্যমে তিনি মাঠ পর্যায়ের চিত্র পর্যবেক্ষণ করছেন এবং পর্যায়ক্রমে সব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।এই পরিদর্শনের সময় ঢাকা ১ আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসকের এই অনমনীয় অবস্থানে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়লেও অবৈধ দখলদারদের মধ্যে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত