প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে আবুল হাশেম বেপারী
শহীদুল ইসলাম শরীফ ||
রাজনীতির পিচ্ছিল পথ আর দীর্ঘ ১৮ বছরের বন্ধুর সময় পার করে আসা এক জননন্দিত নাম আবুল হাসেম বেপারী। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার সিনিয়র সহ-সভাপতি এবং ঢাকা জেলা বিএনপির রাজনীতির এক পরীক্ষিত ভ্যানগার্ড। আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দোহারের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই ত্যাগী নেতা। এক বিশেষ সাক্ষাৎকারে আবুল হাসেম বেপারী তাঁর রাজনৈতিক দর্শন, দীর্ঘ সংগ্রামের স্মৃতি এবং দোহার নিয়ে তাঁর আগামীর পরিকল্পনার কথা তুলে ধরেন। তাঁর রাজনৈতিক জীবন যেন এক সংগ্রামের জীবন্ত কাব্য।বিগত ১৮ বছরের দুঃশাসনের স্মৃতি চারণ করে তিনি বলেন, "আমরা প্রতিকূল অবস্থায় থেকে অভ্যস্ত। ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন আমাদের দমাতে পারেনি। রাজপথে কাফনের কাপড় মাথায় বেঁধে নেমেছি, ডিবি অফিসে মৃত্যুর মুখোমুখি হয়েছি, দিনের পর দিন জেল খেটেছি— কিন্তু একদিনের জন্যও নেতাকর্মীদের ছেড়ে পালাইনি।" তিনি মনে করেন, এই দীর্ঘ লড়াই-ই তাঁর মনোবলকে পাহাড়ের মতো শক্ত করেছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকা প্রসঙ্গে এই আত্মবিশ্বাসী নেতা বলেন, "আমি এই এলাকারই সন্তান। গত ৫২ বছর ধরে মানুষ আমাকে দেখছে। দলীয় প্রতীকের চেয়ে আমার অতীত সামাজিক আচরণ এবং মানুষের সাথে আমার সেতুবন্ধনই জনগণের কাছে বেশি গুরুত্বপূর্ণ। মানুষ এখন কাজ আর সততা দেখে সেবক বেছে নিতে চায়।" তাঁর মতে, জনগণ থেকে বিচ্ছিন্ন হলে রাজনীতিতে টিকে থাকা অসম্ভব।দলে অনুপ্রবেশকারী ও সুবিধাবাদীদের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন এই যুবদল নেতা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা বিগত সরকারের আমলে সুবিধাভোগী ছিল এবং বর্তমানে ভোল পালটে বিএনপিতে আসার সুযোগ খুঁজছে, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। নিবেদিতপ্রাণ ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন নিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য। নির্বাচিত হলে দোহারের আমূল পরিবর্তনের এক ভিশন তুলে ধরেন তিনি। তাঁর অগ্রাধিকারের তালিকায় রয়েছে, মাদক ও বেকারত্ব নির্মূল : যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক নিয়ন্ত্রণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান তদারকি এবং কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও স্থানীয় রাস্তাঘাট ও সামাজিক ব্যবস্থার আধুনিকায়ন।রাজনীতির পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা এবং সংবাদকর্মীদের প্রতি আবুল হাসেম বেপারীর রয়েছে গভীর আস্থা ও সহমর্মিতা। তিনি বিশ্বাস করেন, সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, "সংবাদপত্র হলো : সমাজের দর্পণ এবং সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আমার দীর্ঘ লড়াইয়ে সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠতা আমাকে সাহস জুগিয়েছে।"শহীদ জিয়ার আদর্শ এবং তারেক রহমানের ‘৩১ দফা’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান। সাক্ষাৎকারের শেষে তাঁর কণ্ঠে ফুটে ওঠে চরম বিনয়। তিনি নিজেকে জিয়াউর রহমানের আদর্শের একজন 'নগণ্য কর্মী' হিসেবে পরিচয় দিতেই সবচেয়ে বেশি গর্ববোধ করেন। ব্যক্তিগত লোভ-লালসার ঊর্ধ্বে থেকে জীবনের বাকি সময়টুকু দোহারের মানুষের সেবায় উৎসর্গ করতে চান এই জননেতা।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত