প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬
জাল ভিসায় পাঠাবে স্বপ্নের দেশে : অবশেষে প্রতারক আটক
মিজানুর রহমান মহসিন ||
নিরব গ্রাম্য বিকেলের আড়ালে বসে যেন এক অদৃশ্য জাল বুনছিল এক যুবক। স্বপ্নের দেশ দেখানোর লোভে মানুষের বিশ্বাসকে পুঁজি করে গড়ে তুলেছিল প্রতারণার এক নীরব সাম্রাজ্য। কিন্তু প্রতারণার সেই জাল শেষ পর্যন্ত ধরা পড়ল আইনের জালে।নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের যুবক মমিজুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে বাড়িতে বসেই বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। অনেকের স্বপ্ন, অনেকের কষ্টার্জিত অর্থ—সবই নাকি হারিয়ে যেত সেই মিথ্যা আশ্বাসের অন্ধকারে।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। আইনের সেই হঠাৎ আগমনে আর পালানোর সুযোগ মেলেনি। ধরা পড়ে যায় প্রতারণার নেপথ্যের সেই নীরব কারিগর।অভিযানকালে তার কাছ থেকে বিভিন্ন দেশের জাল ভিসা, জাল টাকা, মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।নীলফামারী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতলুবর রহমান জানান, গ্রেপ্তারকৃত মমিজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।মানুষের স্বপ্ন নিয়ে খেলা করা সেই প্রতারণার গল্প হয়তো এখানেই শেষ নয়, তবে আইনের জালে ধরা পড়ার মধ্য দিয়ে অন্তত থমকে গেছে এক নীরব প্রতারণার অধ্যায়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত